18 Jul

ভোলা জেলার বার্ষিক কর্মী সম্মেলন–২০২৬

  • Bhola Shilpokola Academy

কর্মীদের নিষ্ঠাই জিজেইউএসের অগ্রযাত্রার মূল শক্তি: জাকির হোসেন মহিন

গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর ভোলা জেলার বার্ষিক কর্মী সম্মেলন–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) ভোলা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ সম্মেলনে জেলার বিভিন্ন শাখার হিসাবরক্ষক ও মাঠ কর্মকর্তারা অংশ নেন।সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জিজেইউএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন বলেন, প্রতিষ্ঠানের ধারাবাহিক অগ্রগতির পেছনে কর্মীদের নিষ্ঠা, সততা ও পরিশ্রমই সবচেয়ে বড় শক্তি। তিনি বলেন, মাঠপর্যায়ের কর্মীদের অভিজ্ঞতা ও মতামত সংস্থার কার্যক্রমকে আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।জাকির হোসেন মহিন জানান, মাঠপর্যায়ে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর বাস্তবসম্মত সমাধানে জিজেইউএস কাজ করবে। একই সঙ্গে ভবিষ্যতে সংস্থার কার্যক্রম আরও সুসংগঠিত, স্বচ্ছ ও সেবামুখীভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।সম্মেলনে সভাপতিত্ব করেন জিজেইউএসের পরিচালক (মাইক্রোফিন্যান্স) মো. মোস্তফা কামাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) মো. আজাদ হোসেন।আলোচনা পর্বে বিভিন্ন শাখার কর্মীরা তাঁদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরেন। মাইক্রোক্রেডিট কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন চ্যালেঞ্জ, সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে খোলামেলা মতবিনিময় হয়।অংশগ্রহণকারী কর্মীরা বলেন, এ ধরনের সম্মেলন পারস্পরিক সমন্বয় বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। তাঁদের মতে, কর্মীদের সক্রিয় অংশগ্রহণ ও বাস্তবভিত্তিক মতামতের ভিত্তিতে ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হবে।প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ সম্মেলনে কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সেবার মান উন্নয়ন এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

  • Share

Category

View All